খবরবাড়ি ডেস্কঃ ‘শান্তি-শৃংখলা-উন্নয়ন-নিরাপত্তায়-সর্বত্র-আমরা’ স্লোগানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহা-পরিচালকের পবিত্র ঈদ-উল-আযহা-২০২৫ উপলক্ষ্যে দেশব্যাপী শুভেচ্ছার অংশ হিসেবে গাইবান্ধায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) দুপুরে জেলা কার্যালয়ে মহাপরিচালকের সৌজন্যে গাইবান্ধা জেলা আনসার ও ভিডিপি’র আয়োজনে জেলার ৭টি উপজেলার ভাতাভোগী ইউনিয়ন, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ও আনসার কমান্ডারগণের মাঝে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা বিভিএম, সদর উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা শাহিন মিয়া ও পলাশবাড়ী উপজেলা আসনার ও ভিডিপি কর্মকর্তা কনক চন্দ্র প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা বিভিএম ভাতাভোগী সদস্যদের উদ্দেশ্যে বলেন, বাহিনীর মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতরের ন্যায় পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যেও উপহার প্রাপ্তি আমাদেরকে গৌরবান্বিত ও অনুপ্রাণিত করছে। সামগ্রীর মধ্যে সেমাই, চিনি, লাচ্ছা সেমাই, পোলাও চাল, তেল, সুজি, গুড়া দুধ ও নুডলস ঈদ সামগ্রী উপহার হিসেবে দেয়া হয়।
জেলার ৭টি উপজেলায় কর্মরত ভাতাভোগী ৩’শ ৪৯ জন ভিডিপি দলনেতা-নেত্রী, আনসার কমান্ডারসহ সদস্য-সদস্যাদের মাঝে এসব বিতরণ করা হয়।