খবরবড়ি ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে সাম্রাজ্যবাদী চক্রান্ত বন্ধে গাইবান্ধায় সিপিবি’র উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, জেলা কমিটির সহকারি সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানী ও জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল্লাহ আদিল নান্নু প্রমুখ।
বক্তৃতায় নেতৃবৃন্দ বলেন, আর এক মুহূর্তও দেরি নয়, ২০২৫ সালের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা। সুষ্ঠু-অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন। জনজীবনের নিরাপত্তা নিশ্চিত ও ২০২৪’ এর গণঅভ্যুত্থানে হত্যাকান্ডের বিচারের কাজ দৃশ্যমান করুণ। দেশের স্বার্থ বিরোধী করিডোর, বন্দর লীজ কর্মকান্ড বন্ধ করতে হবে। মহান মুক্তিযুদ্ধ, দেশের ইতিহাস, ঐতিহ্যের উপরে সবধরনের আঘাত বন্ধ মোকাবিলা করুণ। বিরাজনীতিকরণের প্রচেষ্টা ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দাঁড়াতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সিপিবি নেতৃবৃন্দ অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সরকারের উদ্দেশ্য বলেন, সরকার দেশের স্বার্থবিরোধী এই পথ থেকে সরে না আসলে দেশবাসীকে নিয়ে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ, প্রয়োজনে ঘেরাও অবরোধ-হরতালের মতো কর্মসূচি দেয়া হবে।