
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুর মৃত্যু হয়েছে। রোববার (২ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের জ্যোৎস্না ফিলিং স্টেশনের পাশে চাকাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো- পৌরশহরের স্লুইসগেট এলাকার আফসার আলীর ছেলে শাহাদাত (১৬), জাহাঙ্গীর আলমের ছেলে শুভ (১৫), ও শুকুর আলীর ছেলে মুজাহিদ (১৭)।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ওই তিন তরুণ হিরো মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে রহিমবখস দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য যাচ্ছিল। পথে চাকাই এলাকায় পৌঁছালে ঠাকুরগাঁও থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই শাহাদাত ও মুজাহিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শুভকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দশমাইল হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে পালিয়ে যান চালক। চালককে আটকের চেষ্টা চলছে।










