
ভারত-বাংলাদেশ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়স্থ কার্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় হাইকমিশন কর্তৃক বঙ্গবন্ধুর সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ সংস্করণের হাতঘড়ি। ঘড়ির ডায়ালে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং স্বাক্ষর। ওবায়দুল কাদের এ বিশেষ সংস্করণে তিন ধরনের হাতঘড়ি উন্মোচন করে এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। দু’দেশের সম্পর্কের আলোক শিখা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শ্রীমতি ইন্দিরা গান্ধীর ধারাবাহিকতায় আজ দেশরত্ন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি’তে এসেও দীপ্যমান।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসবেন বলে এসময় মন্ত্রী আশা প্রকাশ করেন।
সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিকসহ আঞ্চলিক ইস্যু এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অভিন্ন প্রতিবন্ধতার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে দুই সরকার প্রধান কাজ করছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ৭৫ পরবর্তী সময়ে গড়ে ওঠা সন্দেহ ও অবিশ্বাসের কৃত্রিম দেয়াল ভেঙে এখন রচিত হয়েছে আস্থা ও সৌহার্দের সেতু।
তিস্তার পানি বন্টনের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, আলোচনার মাধ্যমে ইতিমধ্যে অনেক অমীমাংসিত সমস্যা সমাধান হয়েছে।
ব্রিফিংয়ে ভারতের হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা হলেও তিনি ভারতীয় জনগণের কাছে বীর। স্বাধীনতার পর ১৯৭২ সালের জানুয়ারিতে বাংলাদেশে আসার পথে ভারতীয় জনগণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যে উষ্ণতা ও ভালোবাসা দেখিয়েছিলেন তা তিনি স্মরণ করেন।