
মহানবী হজরত মুহাম্মদের (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননার জন্য ফ্রান্স সরকার নিঃশর্ত ক্ষমাসহ ৫ দফা দাবি না বাস্তবায়ন করলে ঢাকায় দেশটির দূতাবাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে অরাজনৈতিক সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআত।
আজ শনিবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এ হুমকি দেন সংগঠনটির চেয়ারম্যান আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। এসময় তিনি জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ, ফরাসি পণ্য বর্জন এবং জাতিসংঘে নিন্দা প্রস্তাব উপস্থাপনসহ ৫ দফা দাবি জানিয়েছেন।
আহলে সুন্নাতের নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন—সংগঠনটির নির্বাহী চেয়ারম্যান আল্লামা আব্দুল বারী জেহাদী, মহাসচিব আল্লামা সৈয়দ মসিহুদৌল্লা, ইসলামী ফ্রন্টের মহাসচিব আল্লামা এম এ মতিন, স উ ম আব্দুস সামাদ, অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, অধ্যক্ষ হাফেজ কাজী আব্দুল আলিম রেজভী, ড. হাফেজ হাফিজুর রহমান, অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমান, অধ্যক্ষ ড. আফজাল হোসাইন, সৈয়দ মুজাফফর আহমাদ, আব্দুল মালেক বুলবুল, পীরে তরিকত মোহাম্মদ আলী পেশওয়ারী, মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী, মুফতি জসিম উদ্দিন আল আযহারী, হাফেজ মাওলানা মনিরুজ্জামান আল কাদেরী, মোবারক হোসেন ফরায়েজী, অধ্যক্ষ ইসমাঈল নোমানী, আব্দুল হাকিম প্রমুখ।
আল্লামা কাজী মঈনুদ্দিন বলেন, ‘প্রাণাধিক প্রিয় নবীর অপমান কোনো মুসলমান সইবে না। তাই আজ সুন্নি জনতা রাজপথে। ফ্রান্সের রাষ্ট্রপতি ও সে দেশের পত্রিকা শার্লি হেবদোকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তা না হলে বাংলাদেশকে ফ্রান্সের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। প্রয়োজনে সুন্নি জনতাকে নিয়ে আমরা ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেবো।’