
সরকারি নির্দেশনা অমান্য করায় গাইবান্ধার পলাশবাড়ীর কালীবাড়ী হাটের কাঁচা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইলকোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক আলুর খুঁচরা বাজার প্রতি কেজি সর্বোচ্চ মূল্য ৩০ টাকা দর রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ী হাটের কাঁচা বাজারে সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মোবাইলকোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোছা. মেরিনা আফরোজ। তিনি সরকারি নির্দেশনা অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যবসায়ীর নিকট হতে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় বাজারে উপস্থিত অন্যান্য বিক্রেতাদের সচেতন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে তিনি জানান।