
দেশব্যাপী ধর্ষণ, নারী নিপীড়ন ও বিচারহীনতার প্রতিবাদে শাহাবাগ থেকে নোয়াখালীর একলাশপুরগামী লং মার্চে ফেনীতে হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ৮ জন।
সমাবেশ শেষে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেনী শহরের কুমিল্লা বাস স্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এর আগে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে লংমার্চে অংশ নেওয়া আন্দোলনকারীরা সমাবেশ করেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন ফেনী শহর শাখার সাধারণ সম্পাদক ও ফেনীতে সমাবেশের পরিচালক পংকজ দেবনাথ সূর্য বলেন, এ হামলা ন্যক্কারজনক। আমাদের কর্মীদের হামলা করে দমিয়ে দিতে চায় সন্ত্রাসীরা।
লংমার্চকারীরা জানান, ‘ধর্ষণের বিরুদ্ধে সমাবেশ ও প্রচারাভিযান করে ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের দিকে যাওয়ার সময় কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় গেলে বেশ কয়েকজন সন্ত্রাসী লাঠি শোঠা নিয়ে হামলা করে। এ সময় লং মার্চকারীদের মধ্যে হৃদয়, শাহাদাত, অনিক, যাওয়াদ ও পথচারীসহ ১০ জন আহত হয়।’