
ফেনীর ফতেহপুর রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসে মেইল ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
আজ রোববার সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের উদ্ধারে কাজ করে পুলিশ ও ফায়ার সার্ভিস।
ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও কয়েকজনকে ঢাকা ও চট্টগ্রামের হাসপাতালে স্থানান্তর হয়েছে।
বাসের যাত্রীদের কয়েকজন গণমাধ্যমকে জানান, ভোরে সকালে গভীর ঘুমে থাকার সময় হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় তাদের। এরপর তারা দেখেন বাসটি উলটে আছে। অনেকেই ঘুমে আচ্ছন্ন থাকায় বাসের ড্রাইভারের কোন গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।
ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম বলেন, ‘উদ্ধার অভিযান শেষ হয়েছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি সরিয়ে লাইনের বাইরে আনা হয়েছে। বর্তমানে ট্রেন যোগাযোগ স্বাভাবিক।’