
গ্রিনলাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকারচালক রাসেল সরকারকে ক্ষতিপূরণ হিসেবে আরো ২০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
গ্রিনলাইন পরিবহন কর্তৃপক্ষকে তিন মাসের মধ্যে এ অর্থ পরিশোধ করতে হবে।
আদালতে গ্রিনলাইন পরিবহনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, রিটকারির পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার শামসুল হক রেজা ও জহির উদ্দিন লিমন।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এম সাইফুল আলম।
পরে শাহ মঞ্জুরুল হক বলেন, আদালত বললেন, আপনারা একটা সম্মত অর্থের পরিমাণ বলেন। আমি আদালতকে বললাম আগে প্রায় ১৩ লাখ ২৮ হাজার টাকা দিয়েছি। এর বাইরে আমি ১৫ লাখ টাকার কথা বলেছিলাম। তখন আদালত বললেন, ১৫ লাখ টাকায় রাজি হলে আরও পাঁচ লাখ টাকা বাড়িয়ে দেবেন।
তিন মাসের মধ্যে আদালত এ টাকা দিতে বলেছেন। মোটামুটি একটি সম্মত রায়। মানবিক কারণে আমরা এতে সম্মত হয়েছি। যেহেতু তিনি পা হারিয়েছেন, তাকে একটা ক্ষতিপূরণ দেওয়া দরকার।
এক প্রশ্নে তিনি বলেন, আমরা আপিল করবো না। সম্মত জাজমেন্ট। আমরা রাজি হয়েছি। আমরা মানবিক কারণে রাজি হয়েছি।
খন্দকার শামসুল হক রেজা বলেন, এর আগে তারা ১০ লাখ টাকা দিয়েছে। তিন লাখ ৪২ হাজার টাকার চিকিৎসা খরচ দিয়েছে। করোনা পরিস্থিতিতে তাদের ব্যবসার ক্ষতি হচ্ছে। আদালত সব দিক বিবেচনা করে এখন তিন মাসের মধ্যে ২০ লাখ টাকা পরিশোধ করতে বলেছেন। গ্রিনলাইন পরিবহনের আইনজীবীর অ্যাডমিশনের ভিত্তিতে এটা হয়েছে।
গত ৫ মার্চ বৃহস্পতিবার শুনানি শেষে হাইকোর্ট রায়ের জন্য ১৫ এপ্রিল দিন ঠিক করেছিলেন। এর মধ্যে মহামারি করোনা আসায় আদালতে সাধারণ ছুটি ছিলো। এছাড়া এ বেঞ্চ পুনর্গঠন করা হয়। পরে রায়ের জন্য এটি এ বেঞ্চের কার্যতালিকায় আসে। এরপর আদালত ০১ অক্টোবর রায়ের জন্য দিন নির্ধারণ করেন।