
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ঝটিকা অভিযান ও মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। উপজেলার ৬নং বেতকাপা ইউপির নলেয়া নদীর বিভিন্ন স্থান-পয়েন্টে স্থায়ী অবস্থান নিয়ে মাছধরা কালীন ব্যবহৃত অবৈধ বাধাই জালসহ (ঠুসি জাল) অন্যান্য সরঞ্জাম পুড়িয়ে দেয়া হয়েছে। এসময় ওইস্থান থেকে স্থায়ী দীর্ঘ বাঁশের বানা অপসরণ করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ পালনের অংশ হিসেবে ২২ জুলাই বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.কামরুজ্জামান নয়নের নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার কৃষিবিদ প্রদীপ সরকার সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার বেতকাপা ইউনিয়নের নলেয়া নদীতে মোবাইলকোর্ট পরিচালনা করেন। সরেজমিন ঝটিকা অভিযানকালে লাখ টাকা মূল্যের পৃথক ২টি বাঁধাই জাল (ঠুসি জাল) জ্বালিয়ে ভস্মীভূত করা হয়। একইসাথে পৃথক তিনটি স্থানে অবস্থিত বাঁশের বানা অপসরণ করা হয়। অভিযান কালীন অবৈধ পন্থায় দেশীয় বিভিন্ন পোনা মাছ শিকারীরা পরিস্থিতি বুঝতে পেয়ে ঘটনাস্থল থেকে সটকে পড়ে অন্যত্র গা-ঢাকা দেয়।
স্থানীয় ভূক্তভোগী এলাকাবাসি জানান, চলমান অভিযান অব্যাহত থাকলে বিলুপ্ত প্রায় দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ সমূহের বংশবিস্তার অবশ্যই বৃদ্ধি পাবে। সেইসাথে পোনামাছ শিকারের কাজে ব্যবহৃত এসব অবৈধ ঠুসিজাল ব্যবহার চিরতরে বন্ধ করতে পারলে মাছ উৎপাদন কয়েকগুণ বৃদ্ধি পাবে।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, শুধু নলেয়া নয় উপজেলার অন্যান্য খাল-বিল ও নদী-নালাসহ জলাশয় সমূহে মাছের অভয়ারণ্য বাস নিশ্চিত করতে চলমান অভিযান অব্যাহত থাকবে।