
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় চকলেটের প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার যুবকের নাম রাকিব (২২)। তিনি উপজেলা সদরের কাজীপাড়া গ্রামের মাকসুদুর রহমান আচ্চা মিয়ার ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। এ সময় রাকিব মেয়েটিকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার চাচার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এরপর থেকে মেয়েটি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।
মঙ্গলবার বিকেলে মা-বাবার কাছে ধর্ষণের কথা বলে দেয় শিশুটি। পরে মেয়েটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
বিষয়টি নিশ্চিত করে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্যা জানান, ধর্ষণের অভিযোগে রাকিবকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।