
নতুন ১ হাজার ২৫৬ জনকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। নতুন তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাগণ মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের প্রদত্ত সব সুযোগ-সুবিধা পাবেন।
আজ মঙ্গলবার এ গেজেট প্রকাশ করা হয় । জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ৬৬তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় ।
মুক্তিযোদ্ধাদের এ গেজেট বাংলাদেশ সরকারি মুদ্রণালয় (বিজি প্রেসের) ওয়েবসাইটে (dpp.gov.bd/bgpress) পাওয়া যাবে।
প্রায় দেড় লাখ আবেদন থেকে তিন ধাপে দীর্ঘ প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে এ গেজেট প্রকাশ করা হলো। উপজেলা যাচাই-বাছাই কমিটি ও বিভাগীয় কমিটির যাচাই-বাছাই শেষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় এ তালিকা অনুমোদন হয়।