
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী জোনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের মরদেহ রাজধানীর তুরাগ থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে।
সিটি কর্পোরেশনের প্রধান হিসাব কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, আজ ভোরে দেলোয়ার হোসেনের মরদেহ রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার হয়। পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় হাসপাতাল মর্গে।
নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলাইয়াপুর এলাকার মৃত সোলায়মানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে মিরপুরের ২ নাম্বার সেক্টরে থাকতেন।
তুরাগ থানার উপ পরিদর্শক (এসআই) সজল কান্তি রায় বলেন, সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে উত্তরা ১৭ নাম্বার সেক্টরের পাঁচ নাম্বার ব্রিজের পশ্চিম দিকের ৮ নাম্বার রোডে পাশের একটি জঙ্গল থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি আরো বলেন, প্রকৌশলী দেলোয়ার হোসেন কর্মস্থলের উদ্দেশে সোমবার সকালে মিরপুরের বাসা থেকে বের হন। মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্ত্রী খোদেজা আক্তার বাদী হয়ে তুরাগ থানায় মামলা করেছেন।
সত্যতা নিশ্চিত করে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) আমিনুল ইসলাম বলেন, নিহত প্রকৌশলী দেলোয়ার হোসেন গাজীপুর সিটি কর্পোরেশনের (অঞ্চল-৪) কোনাবাড়ী আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ছিলেন। প্রকৌশলী দেলোয়ার হোসেন ২০১৩ থেকে গাজীপুর সিটি কর্পোরেশনে কর্মরত রয়েছেন।