
গাইবান্ধার পলাশবাড়ীতে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মিঠু মণ্ডল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত সাত জন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মিঠু মণ্ডল ওই গ্রামের বাকী মণ্ডলের ছেলে।
পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার জানান, জমি নিয়ে বাকী মণ্ডলের সঙ্গে একই গ্রামের আরিফুল গংদের বিরোধ চলে আসছিল।
এ নিয়ে মঙ্গলবার সকালে দু’পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের হাসুয়ার কোপে ঘটনাস্থলে মিঠুর মৃত্যু হয়। আহত হন অন্তত সাত জন।
তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।