
ঈশ্বরদীতে বিষাক্ত অ্যালকোহল খেয়ে দুই ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাতে উপজেলার বাংলাদেশ রেলওয়ে সরকারি নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনের হোমিও ঔষধ বিক্রেতা শিমুলের কাছ থেকে অ্যালকোহল কেনেন তাঁরা। তা খাওয়ার একপর্যায়ে দুইজনই আজ রবিবার সকালে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১২ টার দিকে দুইজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান ওরফে বাবলুর ছেলে সজল (৩০) ও ফতেমোহাম্মদপুর এলাকার মৃত সামুর ছেলে রাজু (৩২)।
ফতেমোহাম্মদপুর ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আয়নাল ইসলাম বলেন, তাঁরা দুইজন মাদকাসক্ত ছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী দুজনের মৃত্যুর হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অ্যালকোহলের সঙ্গে বিষাক্ত কোনো কিছু থাকতে পারে।’
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির বলেন, ‘দুজনের মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অ্যালকোহল খাওয়ার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’