
বাংলাদেশে আরও নতুন তিন জনের শরীরে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রামন শনাক্ত করা হয়েছে। এ নিয়ে এই ভাইরাসে এখন পর্যন্ত মোট ২৭ জন আক্রান্ত হয়েছন।
আজ রোববার বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে দুইজন দেশের বাইরে থেকে এসেছেন। অপরজন আগের এক রোগী থেকে সংক্রমিত হয়েছেন। নতুন আক্রান্তদের একজনের বয়স ৪০ বছর এবং অপর দুইজনের বয়স যথাক্রমে ৩০ ও ২০।
তিনি আরও জানান, গেল ২৪ ঘণ্টায় মোট ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে মোট ৫৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এবং শনাক্ত পাওয়া গেছে মোট ২৭ জনের মধ্যে।
সেব্রিনা বলেন, করোনার হট লাইনে গেল ২৪ ঘণ্টায় মোট ৩ হাজার ৮১২টি কল এসেছে। এরমধ্যে ৩ হাজার ৭২৫টি কল করোনা সংক্রান্ত।
সংক্রমিতদের সম্পর্কে তিনি জানান, এই ভাইরাসে সংক্রমিত ২৭ জনের মধ্যে দুইজন মারা গেছেন। পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং ২০ জন চিকিৎসাধীন।
এর আগে শনিবার আইইডিআরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট দুইজন মারা গেছেন। এছাড়া ভাইরাস শনাক্ত হয়েছে ২৪ জনের শরীরে।
এদিকে, রোববার (২২ মার্চ) বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ আট হাজার ৫৯২ জনে। মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯৫ হাজার ৮২৯ জনের।
সারাবিশ্বে এই মুহূর্তে আক্রান্ত অবস্থায় রয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৬৯৪ জন, যাদের মধ্যে ৫ শতাংশ ৯ হাজার ৯৪৩ জন গুরুতর অবস্থায় এবং মৃদু সংক্রমিত অবস্থায় আছেন ৯৫ শতাংশ ১ লাখ ৮৯ হাজার ৭৫১ জন।