
মাদারীপুরের শিবচর উপজেলার ওষুধ, কাঁচামাল, মুদি দোকান বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ উদ্যোগ নিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিকেলে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জরুরি সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।
তিনি জানান, করোনা প্রতিরোধে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ওষুধের দোকান ছাড়া উপজেলার সব হাটবাজার ও জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না থেকে জন সাধারণকে অনুরোধ জানানো হয়।
শিবচর উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ শামসুদ্দিন খান বলেন, পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই লকডাউন চলবে। এ সময়ের মধ্যে শিবচর উপজেলায় থেকে কেউ প্রবেশ করতে পারবেন না এবং সেখান থেকে বেরও হতে পারবেন না।
মানুষ যাতে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে না পারে সেটি নিশ্চিত করতে রাস্তায় পুলিশি টহল থাকবে। অতি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় পাওয়া গেলে জেল-জরিমানা করা হবে বলে জানান তিনি।
মাদারীপুরের শিবচর উপজেলা হচ্ছে বাংলাদেশের প্রথম জায়গা যেখানে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর জন্য লকডাউন করা হলো।
মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, মাদারীপুরে ২১২ জনকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও দুই জনকে ঢাকার আইসোলেশনে রাখা হয়েছে।স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, করোনা ভাইরাস প্রতিরোধে মাদারীপুর সদর হাসপাতালের নতুন ভবনে ১০০ শয্যা প্রস্তুত করা হয়েছে। সদর হাসপাতালের পুরাতন ভবনের দুটি কেবিনের চারটি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইটি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।