
প্রায় এক কোটি টাকার এক কেজি হেরোইনসহ রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আবদুল মালেক (৪০) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছেন। মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা করা হয়েছে।
গতকাল সোমবার দিবাগত রাতে রাজশাহী র্যাবের মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলার গড়েরমাঠ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার আবদুল মালেক ওই এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে
রাজশাহী র্যাবের কোম্পানি অধিনায়ক এটিএম মাইনুল ইসলাম বলেন, গোপন সংবাদ পেয়ে সোমবার রাত সোয়া ১০টার দিকে গড়েরমাঠ এলাকায় অভিযান চালায় র্যাবের একটি দল। ওই সময় ১০টি প্যাকেটে এক কেজি হেরোইনসহ আবদুল মালেককে গ্রেফতার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।