
বরগুনার পাথরঘাটা উপজেলায় অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে মানিক হাওলাদার (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মানিকের মৃত্যুর পর অজ্ঞাত এ রোগে আক্রান্ত হয়ে তার বাড়ির আরও আটজন ও প্রতিবেশীসহ মোট ১৬ জন হাসপাতালে ভর্তি ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে এ ঘটনায় পর আজ বৃহস্পতিবার দুপুরে পাথরঘাটা হাসপাতাল ও নিহত মানিকের বাড়ি পরিদর্শন করেছেন বরগুনার সিভিল সার্জন ডা. হুমায়ুন শাহিন খান। তিনি মানিকের পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা দেন।
এসময় তিনি মানিকের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে ঘটনা সম্পর্কে আলোচনা করে এটাকে অজ্ঞাত রোগ বলে অভিহিত করেন। সিভিল সার্জন বলেন, ‘এ ধরনের রোগ এটাই প্রথম, তাই পরীক্ষা না করে কিছুই বলা যাচ্ছে না।’
মৃত মানিক হাওলাদার উপজেলার সদর ইউনিয়নের টেংরা এলাকার ইদ্রিস হাওলাদারের ছেলে। মানিকের মৃত্যুর পর তার বাড়ির ও আশপাশের ১৬ জন অসুস্থ হয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
মানিক হাওলাদারের পরিবারিক সূত্রে জানা যায়, গত সোমবার ভোর রাতে মানিক অসুস্থ হয়ে পড়েন। এরপর দু’বার পাতলা পায়খানা হলে কাঁপুনি দিয়ে জ্বর ওঠে। এরপর মঙ্গলবার দুপুরের দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকের মৃত্যুর খবর শুনে আত্মীয়-স্বজনরা তাদের বাড়িতে আসলে বুধবার বিকেলে মানিকের বোন, ভাগিনা, ভাতিজিসহ আটজন একইভাবে অসুস্থ হয়ে পড়লে তাদেরকে সঙ্গে সঙ্গে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার সকালে মানিকের পাঁচ প্রতিবেশী এ রোগে আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। আরও তিন প্রতিবেশী এ রোগে আক্রান্ত হয়ে স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) সাইদুল আরেফিন মজুমদার জানান, যারা হাসপাতালে এসেছেন তারা সকলেই জ্বর বমি, পাতলা পায়খানায় আক্রান্ত হয়ে এসেছে।