
একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন নাছরিন আক্তার বৃষ্টি (২৬) নামে এক গৃহবধূ। এদিকে এক সঙ্গে চার সন্তানের জন্ম দেয়ায় বৃষ্টির পরিবার ও আত্মীয়স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
গতকাল শনিবার সন্ধ্যায় নোয়াখালী শহরের মাইজদীর গুডহিল কমপ্লেক্স হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তানের জন্ম দেন গৃহবধূ বৃষ্টি। সে নোয়াখালী পৌরসভার উজ্জ্বলপুর এলাকার কাতার প্রবাসী মো. মোহনের স্ত্রী।
তার ভগ্নিপতি ইউছুফ সুমন ও বড় ভাই মো. আজাদ জানান, শনিবার দুপুরে প্রসব ব্যথা উঠলে দ্রুত বৃষ্টিকে গুডহিল কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানেই সন্ধ্যার দিকে ডা. লুৎফুন নাহারের তত্ত্বাবধানে নরমাল ডেলিভারির মাধ্যমে চার সন্তান প্রসব করেন তিনি। প্রথমে এক কন্যা সন্তানের জন্ম হয়। এরপর একে একে তিন ছেলের জন্ম দেন বৃষ্টি।
গৃহবধূ নাছরিন আক্তার বৃষ্টি জানান, প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে তার কথা হয়েছে। তিনি এবং তার স্বামী চার সন্তান পেয়ে বেজায় খুশি। আল্লাহ যেন সন্তানদের সুস্থ রাখেন সে জন্য সবার কাছে দোয়া চান এই দম্পতি।
এদিকে গুডহিল কমপ্লেক্স হাসপাতালের শিশু চিকিৎসক কর্ণজিৎ মজুমদার জানান, নবজাতকদের স্বাভাবিক ওজন হলো আড়াই কেজি। কিন্তু এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম হওয়ায় তাদের কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে তারা শ্বাসকষ্টে ভুগছে।
তিনি আরও জানিয়েছেন, বর্তমানে তাদের হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। এই শিশুদের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়েছে।