
অভিশংসন প্রক্রিয়ার প্রধান দুই সাক্ষীকে হোয়াইট হাউজ থেকে বাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বিষয়ক শীর্ষ ইউক্রেন এক্সপার্ট ভিন্দমানকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। এর কয়েক ঘণ্টা পর ইউরোপিয়ান ইউনিয়নের মার্কিন রাষ্ট্রদূত সন্ডল্যান্ডকেও বরখাস্ত করেন। সূত্র: বিবিসি
এই দুই কর্মকর্তা ডেমোক্রেটিক-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ার প্রধান প্রত্যক্ষদর্শী ছিলেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ২০২০ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী জো বাইডেনকে কালিমালিপ্ত করতে তিনি বিদেশি সাহায্য চেয়েছেন এবং এক্ষেত্রে ইউক্রেনকে দেওয়া সামরিক সহায়তাকে দর-কষাকষির হাতিয়ার করেছেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপের কয়েক দিন আগে ৪০০ মিলিয়ন ডলারের মার্কিন সামরিক সহায়তা আটকে দেওয়ার বিষয়টি স্বীকার করেন ট্রাম্প। তবে বাইডেনের বিরুদ্ধে তদন্ত করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে চাপ দেওয়ার কথা অস্বীকার করেন।
জো বাইডেনের বিরুদ্ধে অভিযোগ ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ২০১৬ সালে ইউক্রেনের প্রসিকিউটর ভিক্টর শোকিনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পেছনে তার ভূমিকা ছিল।
শোকিনের অফিস বুরিস্মা নামের একটি গ্যাস কোম্পানির অনিয়ম তদন্ত শুরু করেছিলেন, যে কোম্পানির বোর্ড সদস্য ছিলেন বাইডেনের ছেলে হান্টার বাইডেন। এসব অভিযোগে প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসন করলেও, সিনেট তাকে বেকসুর খালাস দেয়।
প্রসঙ্গত, গত বছরের ১৮ ডিসেম্বর কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অভিশংসিত হন ডোনাল্ড ট্রাম্প। নিম্নকক্ষটি ডেমোক্রেটদের নিয়ন্ত্রণে। ফলে সেখানে প্রেসিডেন্টকে অভিশংসিত করতে বেগ পেতে হয়নি। কিন্তু উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতে। সেখানে অনুমতিভাবেই রায় ট্রাম্পের পক্ষে গেছে।গত বুধবার ট্রাম্পের অভিশংসন নিয়ে ভোটাভুটি হয় সিনেটে। সেখানে ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে ট্রাম্প মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। কংগ্রেসকে অমান্য করার অভিযোগ খারিজ হয়েছে ৫৩-৪৭ ভোটে।