
চীনফেরত যুবক হৃদয় খান (২৫) রাজধানীর সায়েদাবাদ এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়ে পড়েছেন। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়েছে।
তার কাছে থাকা একটি পাসপোর্ট উদ্ধার করেছে পুলিশ। সেটার ১১ পাতায় লেখা আছে ‘চায়না ভিসা’। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে। পরে ঢামেক হাসপাতালে নিয়ে আসে।
সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজন মিয়া জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে জানতে পারি, সায়েদাবাদ বলাকা বাস টার্মিনালের ভেতরের রাস্তায় অচেতন অবস্থায় এক যুবক পড়ে রয়েছেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠাই। সেখানে তার ‘স্টমাক ওয়াশ’ করার পরে মেডিসিন বিভাগে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন।
তিনি আরও জানান, হৃদয়ের সঙ্গে একটি পাসপোর্ট পাওয়া গেছে। তার কাছ থেকে পাওয়া মোবাইল ফোনের মাধ্যমে তার দূর সম্পর্কের এক আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করে তার বিষয়ে তথ্য জানা গেছে।
হৃদয়ের দূর সম্পর্কের নানা আবু সিদ্দিক সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়। হৃদয়ের বাবার মনির হোসেন। গত আট মাস আগে হৃদয় চীনে যায় বলে পরিবার দাবি করে। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে হৃদয় বাংলাদেশে আসেন। পরে এখান থেকে গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিলো হৃদয়ের।