
চীনে করোনা ভাইরাসের দাপট আসলে আল্লাহর রোষের ফলে। চীনের কমিউনিস্ট সরকার উইঘুর মুসলিমদের উপর যে বেনজির অত্যাচার করছে, তাঁর ফলেই শাস্তির মুখে পড়তে হয়েছে তাঁদের। এমনটাই দাবি, ভারতের এক ইসলামিক ধর্মগুরুর।
ইলিয়াস শাহরাফুদ্দিন নামের ওই মুসলিম ধর্মগুরু বলছেন, চীন সরকার উইঘুর মুসলিমদের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলেই আল্লাহ ওদের এভাবে শাস্তি দিচ্ছে। একই সঙ্গে তিনি ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের সাবধান করেছেন। মুসলিমদের আক্রমণ করলে ভারতের হিন্দুরাও আল্লাহর রোষের মুখে পড়তে পারেন বলে হুঁশিয়ারি তাঁর।
ইলিয়াসের কথায়, “উইঘুরদের উপর অকথ্য অত্যাচারের শাস্তি হিসেবে আল্লাহই চিনে করোনা ভাইরাস পাঠিয়েছেন। মনে আছে, ওঁরা কীভাবে মুসলিমদের ভয় দেখাত। প্রায় ২ কোটি মানুষের জীবন নিয়ে ওঁরা ছিনিমিনি খেলেছে। মুসলিমদের জোর করে মদ্যপান করানো হয়েছে। মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানো হয়েছে। ওঁরা ভেবেছিল ওদের কেউ আটকানোর নেই। কিন্তু, সর্বশক্তিমান আল্লাহ ওদের শাস্তি দিয়েছেন।”
উল্লেখ্য, চীনে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমশ বেড়েই চলেছে। অন্তত ১৩টি শহর সম্পূর্ণরূপে বন্ধ করে রাখা হয়েছে। হাজার হাজার মানুষ এতে আক্রান্ত। সরকারি হিসেবেই মৃত্যু হয়েছে শতাধিক। চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস ক্রমেই মহামারীর আকার নিচ্ছে। লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হতে বাদ নেই ইউরোপ, আমেরিকাও। বিমানযাত্রীদের মাধ্যমে ছড়াচ্ছে ভাইরাস। আতঙ্ক ছড়িয়েছে সুদূর অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকাতেও। সূত্র- সংবাদ প্রতিদিন।