
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, দুই দলের অভিযোগ কমন, এগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই থাকবে।
আজ সোমবার সন্ধ্যায় নির্বাচন ভবনে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সাথে ইসির বৈঠক অনুষ্ঠিত হয়।
নুরুল হুদা বলেন, গোপীবাগের ঘটনার কথা বলেছে (বিএনপি) তাদের মামলা নেয়নি। পরে আমি ওসির সঙ্গে কথা বললাম সেখানে বসেই। ওসি বললেন তারা আমাদের কাছে আসেনি, মামলা দেয়নি। আওয়ামী লীগ মামলা করেছে সেটাও তারা বলেছে। ক্রিমিনাল অফেন্স থাকলে মামলা তো যে কোনো সংক্ষুব্ধ ব্যক্তিই করতে পারে। সেটা আইনগত বিষয়।
সিইসি বলেন, আওয়ামী লীগ গতকালের ঘটনার জন্য বিএনপিকে দায়ী করেছে। তাদের বক্তব্য এই সুযোগে বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী দল ঢাকায় ঢুকে পড়বে। এবং নির্বাচনের সময় নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করবে, আমরা যেনো ব্যবস্থা নেই। আমরা বলেছি নির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে সেটা বলতে হবে। আর যদি কোনো ক্রিমিনাল অফেন্স থাকে সে অনুসারে সংক্ষুব্ধ ব্যক্তিকে আইনগত সহযোগীতা করার জন্য।