
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া সংলগ্ন জসলদিয়া গ্রামে ‘রহস্যময় জ্বরে’ চাচি ও ভাতিজার মৃত্যু হয়েছে।
তারা হলেন- ওই গ্রামের মীর জুয়েলের স্ত্রী শামীমা বেগম (৩৪) এবং মীর সোহেলের ছেলে মীর আবদুর রহমান (৩)। মৃতদের মধ্যে শামীমার দাফন সম্পন্ন হয়েছে। তবে শিশু রহমানের মৃতদেহটি চিকিৎসকরা পরীক্ষা করে দেখছেন।
শামীমার দেবর মীর শিবলু জানান, তার ভাবি রবিবার সকালে জ্বর অনুভব করেন এবং পরে তা কিছুটা বেড়ে যায়। একই সাথে শরীরের বিভিন্ন অংশে চাকার মতো রক্তের দাগ দেখা যায়। মাত্র ঘণ্টা খানেকের মধ্যে সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। এরপর রাতে ভাতিজা রহমানও জ্বর অনুভব করে ঘণ্টা খানেকের মধ্যে ২টার দিকে মারা যায়। তার শরীরেও রক্তের দাগ ছিল।
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার জানান, দুজনের মৃত্যুর কারণ জানতে ঘটনাস্থলে চিকিৎসক দল পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামীম আহমেদ বলেন, বিষয়টি সিভিল সার্জনসহ ঊর্ধ্বতন কর্মকতাদের জানানো হয়েছে।
লৌহজং উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. রাশেদুজ্জামান জানান, ‘এখানে চিকিৎসক এসেছেন, খোঁজখবর করা হচ্ছে। চিকিৎসক মৃতদের পরিবারের সদস্যদের সাথে কথা বলছেন। মৃতদের রোগের লক্ষণ করোনাভাইরাসের মতো নয়।’
উল্লেখ্য, চীনে করোনাভাইরাসে কমপক্ষে ৮০ জন মারা যাওয়ায় জসলদিয়া গ্রামে জ্বরে দুজনের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। সূত্র- ইউ.এন.বি।