
পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় পৌর শহর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জুনায়েদ জুয়েল (২৭) নিহত ও মো. মাহবুব আলম সবুজ (৩০) নামে এক সংবাদকর্মী গুরুতর আহত হয়েছে।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রাম সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যায় মোটরসাইকেল ড্রাইভ করে জুয়েলকে সঙ্গে নিয়ে কলাপাড়া আসছিলো সবুজ। এসময় তাদের মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে জুয়েল ঘটনাস্থলেই নিহত এবং মাহবুব আলম সবুজ মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।
কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে জুয়েল মাথা এবং বামপায়ের হাটুতে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে এবং মাহবুব আলম সবুজ মারাত্মক আঘাত প্রাপ্ত হয়।