
করোনা ভাইরাস প্রাদুর্ভাবের প্রাণকেন্দ্র চীনের উহান শহরে আটকা পড়া প্রায় ৫০০ বাংলাদেশি দেশে ফিরতে চায়।
উহানের হুবাই ইউনিভার্সিটির অ্যাগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং-এর বাংলাদেশি শিক্ষার্থী আসিফ আহমেদ সৌরভ পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের বরাবর আবেদন করেছেন। আবেদনে বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের কারও সঙ্গে যোগাযোগ সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করে দ্রুত তাদের উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
তিনি অভিযোগ করেন, তারা ঘরের বাইরে যেতে পারছেন না প্রায় এক সপ্তাহে ধরে। দোকান-পাট বন্ধ থাকায় খাওয়া-দাওয়াতে বেশ কষ্ট হচ্ছে। ঘরে থাকা খাবারও ফুরিয়ে আসছে। এ অবস্থা চলতে থাকলে না খেয়ে থাকতে হবে।

ইমশিয়াত শরিফ নামের পিএইডি করতে যাওয়া এক বাংলাদেশি তার ফেসবুক ওয়ালে লিখেন, ‘চীনের উহান শহরে করোনাভাইরাস ভয়াবহভাবে ছড়াচ্ছে। স্থানীয় সরকার বাস, ট্রেন, বিমান সব বন্ধ করে দিয়েছে। দোকানপাট বন্ধ। মাস্ক পরা বাধ্যতামূলক করে দিয়েছে। এদিকে ইউনিভার্সিটিতে চলছে শীতকালীন ছুটি। ফলে ক্যাস্পাস ফাঁকা, উহান শহরটা একদম জনশূন্য। আতঙ্ক এবং উৎকণ্ঠা বিরাজ করছে। তবুও থেমে নেই জীবন। চলছি চলার মতো করে।’