
শিবির সন্দেহে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র মেহেদী হাসানকে আটক করেছে রংপুর মহানগর পুলিশ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নগরীর দেওডোবা ডাঙ্গিরপাড় থেকে রংপুর মহানগর পুলিশ তাকে আটক করে।
আটক মেহেদী হাসানের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার খালিয়াপাড়া গ্রামে।
মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশীদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দেওডোবা ডাঙ্গিরপাড় এলাকার মাসুদুর রহমানের বাসায় কয়েকজন যুবক গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান চালিয়ে মেহেদী হাসানসহ (২৩) শিবির সন্দেহে আরো চার যুবককে আটক করা হয়।
তিনি আরো জানান, তাদের কাছ থেকে ল্যাপটপ, মোবাইলসহ সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বই, ব্যানার, চাঁদা আদায় রশিদ বই, পোস্টার ও লিফলেট উদ্ধার হয়েছে।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া গণমাধ্যমকে জানান, শিবির সন্দেহে আটক হওয়া মেহেদী হাসান ছাত্রলীগের পদধারী নেতা। সে নিয়মিত ছাত্রলীগের কর্মসূচিতে অংশগ্রহণ করে।
জানা গেছে, আটক পাঁচজনের মধ্যে মেহেদী হাসান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।