
যশোরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪জন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে যশোর শহরের বিমান অফিস মোড়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের পিলারে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোর শহরের লোন অফিস পাড়া এলাকার শফিকুল ইসলামের স্ত্রী ডা. তনিমা ইয়াসমিন (২৫), তানিজলা ইয়াসমিন পিয়াসা (৩০) ও একই তিথি (৩৫)।
যশোর সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১টার দিকে হতাহতরা প্রাইভেটকার যোগে শহরে আসছিলেন। পথে বিমানমোড়ে পৌঁছলে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া গুরুতর আহত হৃদয় ও শিশু মনিরুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এলাকাবাসীর বরাতে যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার সময় ব্যক্তিগত গাড়ি যোগে একই পরিবারের সদস্যরা শহরে তাদের বাড়িতে যাচ্ছিলেন। পথে বিমান অফিস মোড়ে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে আরোহীরা গুরুতর আহত হয়।