
বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মৃত্যুতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল জানান, সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।
আব্দুল মান্নান বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
বগুড়া-১ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান শনিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান। পরে ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদে জয় পান তিনি। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল মান্নান।