
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২২ মিনিট চলে বৈঠক। বিকেল সাড়ে ৪টা নাগাদ মোদির সঙ্গে বৈঠক করতে রাজভবনে যান মুখ্যমন্ত্রী।
বৈঠক শেষে মমতা জানান, কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় ৩৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। সেই বকেয়া টাকা দাবি করেছেন তিনি। একই সঙ্গে সিএএ ও এনআরসি নিয়েও মোদির কাছে আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিন বৈঠক শেষে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা আমার সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে। রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী এলে আমি আগেও দেখা করেছি। এটা সাংবিধানিক অধিকার। আমি প্রধানমন্ত্রীকে বলেছি, আপনি আমার অতিথি, তবু বলছি, আপনি সিএএ, এনআরসি নিয়ে আপনারা ভাবনাচিন্তা করুন। আমরা চাই প্রত্যাহার করুন। সিএএ, এনআরসি-র বিরুদ্ধে আন্দোলন চলবে।’
একই সঙ্গে রাজ্যের দাবিদাওয়া নিয়েও মোদির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মমতা। বলেন, কেন্দ্রের কাছে রাজ্যের প্রায় ২৮ হাজার কোটি টাকা পাওনা রয়েছে। এছাড়াও ঘূর্ণিঝড় বুলবুলের ক্ষয়ক্ষতি বাবদ আরও ৭ হাজার কোটি টাকা পাওনা। সব মিলিয়ে প্রায় ৩৮ হাজার কোটি টাকা পাওনা। সূত্র- নিউজ ১৮।