
শনিবার কলকাতায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার আগেই শহরে পৌঁছে গিয়েছে মোদীর নিরাপত্তার দায়িত্ব থাকা এসপিজি। তারা খতিয়ে দেখছেন মোদীর যাত্রাপথের নিরাপত্তা। ইতিমধ্যেই কলকাতা, হাওড়া ও বিধাননগর পুলিশের সঙ্গে বৈঠক করেছেন এসপিজি।
জানা গিয়েছে, মোদী শহরে পা রাখলেই, তাকে বিক্ষোভ দেখাবে বিভিন্ন সংগঠন। তাঁকে কালো পতাকা দেখিয়ে ‘গো ব্যাক মোদী’ আওয়াজ তুলবে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী মানুষ। এছাড়া রয়েছে কিছু রাজনৈতিক দলও। যেমন,সিপিএম-কংগ্রেস-সিপিআইএমএল লিবারেশনের মতো দল।
তাই বিক্ষোভের আশঙ্কায় বদল হতে পারে প্রধানমন্ত্রীর যাতায়াতের রুট। এখনও পর্যন্ত গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে কলকাতা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। তারপর বিমানবন্দর থেকে ভিআইপি রোড হয়ে মা উড়ালপুর দিয়ে বিবাদীবাগে পৌঁছাতে পারেন তিনি। অন্যদিকে পরিস্থিতির উপর নির্ভর করে এই রুট পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে দমদম বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চেপেও সরাসরি রেসকোর্সে পৌঁছাতে পারেন।
শনিবার বিকালে বিমানবন্দর লাগোয়া কৈখালিতে মোদীকে বিক্ষোভ দেখাতে জমায়েতের ডাক দিয়েছে একটি সংগঠন। এছাড়া ধর্মতলায় জমায়েত এবং রাজভবন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন এবং এনআরসি বিরোধী সংগঠন। যদিও মোদীর নিরাপত্তায় থাকবেন তার স্পেশাল প্রোটেকশন গ্রুপের(এসপিজি), তাছাড়া কলকাতা পুলিশের কমান্ডো বাহিনী-সহ পদস্থ কর্তারা। সূত্র-কলকাতা ২৪x৭।