
কোনো সরকারি কর্মকর্তাকে ১৫০ দিনের বেশি ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (ওএসডি) করে রাখা যাবে না বলে হাইকোর্ট রায় দিয়েছেন। বর্তমানে যেসব সরকারি কর্মকর্তা ১৫০ দিনের বেশি ওএসডিতে রয়েছেন, রায়ের অনুলিপি পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের পুনর্বহাল করতে হবে।
আজ বুধবার বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। ‘জনস্বার্থে’ সাবেক সচিব আসাফ উদ-দৌলার করা এ বিষয়ে রিটে ৮ বছর আগে রুল জারি হয়। আজ সেই রিটের চূড়ান্ত শুনানি শেষে রায় দেন আদালত।
১৫০ দিনের বেশি ওএসডিতে থাকা কর্মকর্তাদের পুনর্বহাল এবং আইন অনুযায়ী ব্যবস্থা নিতে একটি কমিটি গঠনের নির্দেশও দেন আদালত। একজন জ্যেষ্ঠ সচিব এ কমিটির প্রধান হবেন। জনপ্রশাসন সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
রায়ের অনুলিপি পাওয়ার ৯০ দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দিতে বলেছেন আদালত।
আইনজীবী অনীক আর হক আদালতে রুলের পক্ষে শুনানি করেন। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশগুপ্ত রাষ্ট্রপক্ষে শুনানি করেন।
অমিত দাশগুপ্ত জানান, রাষ্ট্রপক্ষ এ রায়ের বিরুদ্ধে আপিল করবে।