
বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই হামলা চালানো হয়েছে। হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান মেজর জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়েছে। এ ছাড়া এ হামলায় আরও অন্তত ৭ জন নিহত হয়েছেন।
এ ব্যাপারে এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, জেনারেল সোলেইমানি ইরাকে মার্কিন কূটনীতিক এবং কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন। জেনারেল সোলেইমানি এবং তার কুর্দস বাহিনী শত শত মার্কিনি এবং জোটের সদস্যের হতাহতের পেছনে দায়ী।
এর আগে, শুক্রবার ইরাকের নিরাপত্তা বাহিনীর সূত্রে বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের রকেট হামলার এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে এ হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। এদের মধ্যে সোলেইমানিও ছিলেন।উল্লেখ্য, ইরাকের মার্কিন দূতাবাস ঘিরে বিক্ষোভ-সমাবেশের পরপরই এমন ঘটনা ঘটল। যুক্তরাষ্ট্র বলছে, তারা ইরাকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।