
কর্মচারীদের অনৈতিক কাজ করার কোনো সুযোগ নেই উল্লেখ করে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদক কর্মচারীদের অনৈতিক কাজ করার কোনো সুযোগ নেই। মানুষের সাথে খারাপ আচরণ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে চাকরি হারাতে হবে।
বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের নতুন যোগ দেয়া কর্মচারীদের ওরিয়েন্টশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এসব কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, আপনারা যেভাবে ঘুষ-দুর্নীতি-তদবির ছাড়া চাকরি পেয়েছেন, একইভাবে চাকরিচ্যুত করার পর তদবিরে কোনো কাজ হবে না। প্রথম অপরাধই হবে শেষ অপরাধ। দ্বিতীয় বারের জন্য কোনো সুযোগ পাবেন না, এটাই হবে দুদকের প্রশাসনিক কৌশল।
অপকর্মে জড়িয়ে পরলে চাকরি হারাতে হবে হুঁশিয়ার করে দুদক চেয়ারম্যান বলেন, আপনারা তদবির বা ঘুষ ছাড়াই চাকরি পেয়েছেন। কাজেই এসব অপকর্মে আপনারা জড়িয়ে পড়বেন না। আপনাদের নৈতিকতার পরীক্ষা নেয়া হয়েছে। এ মানদণ্ড বজায় রাখতে হবে। মনে রাখবেন, চাকরি যেভাবে পেয়েছেন, হারাতেও সময় লাগবে না।
দুদকের নবনিযুক্ত কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনে নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার তদবির বা দুর্নীতির পথ রুদ্ধ করে রাখা হয়েছে। নিয়োগ প্রক্রিয়ার শুরুতেই সংশ্লিষ্টদের বলা হয়েছে, কেউ তদবির করলে বা তদবির শুনলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। যে কারণে দুদকে নিয়োগের ক্ষেত্রে কেউ তদবির করার সাহস পায় না। তদবির ছাড়াই নিয়োগ হচ্ছে।
তিনি আরো বলেন,এই প্রতিষ্ঠানের প্রতিটি কর্মীই গুরুত্বপূর্ণ। যে কারো দায়িত্বের শৈথিল্য প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করে। আমরা সবাই ২৪ ঘণ্টার জন্যই কর্মে নিয়োগপ্রাপ্ত। তাই গভীর রাতে অভিযানে যেতে পরাবো না, এমন আচরণ করার কোনো সুযোগ নেই। যখন নির্দেশনা আসবে তখনই যেতে হবে।