
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মাহবুব হোসেন। এর আগে তিনি স্থানীয় সরকার বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।
একই আদেশে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রওনক মাহমুদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সচিব পদে বদলি করা হয়েছে। আদেশে রাজউকের চেয়ারম্যান ( অতিরিক্ত সচিব) ড. সুলতানা আহমেদকে বিদ্যুৎ বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে।
এছাড়া, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসা কামরুন নাহারকে তথ্য সচিবের দায়িত্ব দিয়েছে সরকার। তথ্য সচিব আবদুল মালেকের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি।চুক্তিভিত্তিক নিয়োগে দায়িত্ব পালন করে আসা আবদুল মালেকের মেয়াদ সোমবারই শেষ হয়েছে।
৫৮ বছর বয়সী কামরুন নাহারের চাকরির মেয়াদ আছে আগামী বছরের নভেম্বর পর্যন্ত। অবসরোত্তর ছুটি শুরুর আগে তান নিজের ক্যাডারে ফিরে আসার বাধ্যবাধকতা ছিল।
বিসিএস (তথ্য-সাধারণ) ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা কামরুন নাহার এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন।
গণযোগাযোগ অধিদপ্তর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও কাজ করেছেন তিনি।
২০১৭ সালের ফেব্রুয়ারিতে কামরুন নাহারকে সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয় সরকার। ওই পদে দায়িত্বে তিনিই দেশের প্রথম নারী।
চলতি বছরের জানুয়ারিতে তাকে রাষ্ট্রপতির দশ শতাংশ কোটায় প্রেষণে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিবের দায়িত্ব দেওয়া হয়।
কামরুন নাহারের স্বামী খন্দকার আনোয়ারুল ইসলাম গত অক্টোবর থেকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করে আসছেন।