
শেরপুরে ঘুষের ৫০ হাজার টাকাসহ দুদকের হাতে আটক হয়েছেন জেলা হিসাবরক্ষণ অফিসের এস এ এস সুপারিটেন্ডেন্ট (সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা) ইউনুস মিয়া।
আজ রোববার বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত জেলা হিসাবরক্ষণ অফিসে দুর্নীতি দমন কমিশন-দুদকের সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এক অভিযানে তাকে আটক হয়।
জানা যায়, শেরপুর সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক হানিফ মিয়া তার দীর্ঘদিনের বকেয়া বেতনের প্রায় ১৬ লাখ টাকার একটি বিল দাখিল করেন জেলা হিসাবরক্ষণ অফিসে। ওই বিল পাশের জন্য অফিসের এসএএস সুপার ইউনুস মিয়া তার দাবিকৃত ৩০ পার্সেন্ট ঘুষের টাকার মধ্যে প্রায় আড়াই মাস আগে ৪০ হাজার টাকা নেয়।
আজ আরও ৫০ হাজার টাকা গ্রহণ করেন। এদিকে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই অফিসে অভিযান চালায় দুদকের একটি দল। অভিযানকালে দুদক সমন্বিত জেলা কার্যালয় টাঙ্গাইল-এর সহকারী পরিচালক আতিকুল আলমসহ স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন টাঙ্গাইল সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মো: মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলার প্রক্রিয়া চলছে।