
গোপন সংবাদে অভিযান চালিয়ে যশোরের শার্শা উপজেলাধীন গোগা সীমান্ত এলাকা থেকে ৮৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কোনো মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়নি।
আজ শুক্রবার দুপুরে গোগা সীমান্তের একটি মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর এলাহী জানান, গোপন সংবাদে বিজিবি সদস্যরা জানতে পারে, গোগা সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে। এমন খবরে সেখানে অভিযান চালিয়ে ৮৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।উদ্ধার হওয়া ফেনসিডিলগুলো শার্শা থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।