
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ডাকাতের নাম মোখলেছুর রহমান সুবিল্লা (৩৯)।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার পূর্ব নাটেশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আবদুল্লাপুর গ্রামের বদ্ধ বাড়ির কাঁচা রাস্তার ওপর এ গোলাগুলির ঘটনা ঘটে।
এ ঘটনায় দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মৃত মোখলেছুর রহমান সুবিল্লা বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ইসহাক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ রাত্রিকালীন পাহারার সময় একটি ডাকাত দল পুলিশের ওপর গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ডাকাত সুবিল্লা গুলিবিদ্ধ হয়ে মারা যান। মৃত সুবিল্লার মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।