
ফের সংঘর্ষ বিরতি চুক্তি লংঘন করল পাকিস্তান। বুধবার রাত থেকেই কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর প্রবল গোলাবর্ষণ শুরু করেছে পাক রেঞ্জার্সরা। হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ান। নিহত তিন সাধারণ নাগরিক। হামলার পালটা দিচ্ছে ভারতীয় ফৌজ।
সূত্রের খবর, বুধবার রাত থেকেই উত্তর-কাশ্মীরের উরি সেক্টরে মর্টার হামলা শুরু করে পাকিস্তানি ফৌজ। ভারী মেশিনগান থেকে ভারতীয় সেনার পোস্ট লক্ষ্য করে অবিরাম গুলি চালাতে থাকে পাক রেঞ্জার্সরা। শুধু তাই নয়, সীমান্তে ভারতের গ্রামগুলিকে লক্ষ্য করে গোলা ছুঁড়ে পাক বাহিনী। ওই হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ান। নিহত তিন সাধারণ নাগরিক। পাক হামলায় আতঙ্ক চড়িয়েছে সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে। অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন।
এদিকে, পাক হামলার কড়া জবাব দিচ্ছে ভারতীয় ফৌজ। ভারতের তরফ থেকেই মর্টার ও মেশিনগান দিয়ে হামলা চালানো হচ্ছে। এহেন পরিস্থিতিতে ফের যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সীমান্তে।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত হুঁশিয়ারি দিয়েছিলেন যে পাক সীমান্তে পরিস্থিতি খারাপ হতে পারে। সেই আশঙ্কা সত্যি করেই হামলা শুরু করেছে পাকিস্তান। সূত্র- সংবাদ প্রতিদিন।