
ভারতের লখনউয়ের পরিবর্তন চক থেকে ধরা পড়েছিলেন অভিনেত্রী, রাজনীতিক তথা সমাজকর্মী সাদাফ জাফর। তিনি ওই চক থেকে ফেসবুক লাইভ করছিলেন। তাতে দেখা যাচ্ছিল সরকারি বাস, মিডিয়া ভ্যান ও বেসরকারি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।
জাফর প্রশ্ন তুলেছিলেন, এত বেশি সংখ্যক বিক্ষোভকারী থাকা সত্ত্বেও এত কম পুলিশ মোতায়েন করা হয়েছে কেন? এমন সময় তাঁকে গ্রেফতার করা হয়। পরে অভিযোগ ওঠে, পুলিশ হেফাজতে তাঁকে মারধর করা হয়েছে। পুলিশ সোমবার এই অভিযোগ অস্বীকার করেছে।
ফেসবুক লাইভে দেখা যায়, এক মহিলা কনস্টেবল জাফরকে ধরলেন। তিনি বলেন, “আপ মুঝে ক্যায়সে গিরাফতার কর রহা হ্যায়… জিনহোনে পাথর ফেঁকা হ্যায় উনকো তো তুম পকড় নেহি পায়ে…”। মহিলা কনস্টেবল তাঁকে প্রশ্ন করলেন, “তুমহারে সাথ থে না ওহ বুডঢে…”।
জাফরের পরিবার পরে অভিযোগ করে, তাঁকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। একদফা ডাক্তারি পরীক্ষার পরে নিয়ে যাওয়া হয় স্থানীয় জেলে। তাঁর বোন নাহিদ বলেন, “জাফরের পেটে লাথি মারা হয়েছে। তাঁকে ব্যাটন দিয়েও মারা হয়েছে। তিনি যন্ত্রণায় ছটফট করছিলেন।”
মারধরের কথা অস্বীকার করে উত্তরপ্রদেশ পুলিশ বলেছে, জাফরের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। টুইটারে পুলিশ অফিসার সুরেশ চন্দ্র রাউত লিখেছেন, যারা অশান্তি সৃষ্টি করছিল, জাফর তাদের সঙ্গে ছিলেন। যেখানে হাঙ্গামা হচ্ছিল, সেখান থেকেই তিনি গ্রেফতার হয়েছেন। আমরা নিয়ম মেনে তাঁর ডাক্তারি পরীক্ষা করিয়েছি। পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই।
পরিচালক মিরা নায়ারের ‘স্যুটেবল বয়’ ছবিতে অভিনয় করেছেন জাফর। তিনি বলেন, “এই হল ভারতের অবস্থা। লখনউতে প্রতিবাদ করতে গিয়ে স্যুটেবল বয়ের অভিনেত্রী মার খেয়েছেন। তাঁকে জেলে রাখা হয়েছে।” সূত্র- দ্যা ওয়াল।