
মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় টেলার শহরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৮ জন কয়েদি নিহত হয়েছেন। কারা কর্তৃপক্ষ ও দেশটির সরকারি কর্মকর্তাদের বক্তব্যের বরাতে এ খবর প্রকাশ করেছে ‘রয়টার্স’।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় গতকাল শুক্রবার ওই কারাগারে কয়েদিদের দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে দাঙ্গা হয়। এতেই এই হতাহতের ঘটনা ঘটে।
টেলার শহরের ওই কারাগারে ভয়াবহ দাঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন হন্ডুরাসের নিরাপত্তা সংস্থা ফুসিনার মুখপাত্র অ্যান্তোনিও কোয়েলো।
এ বিষয়ে তিনি বলেন, দাঙ্গায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন। এছাড়া মারাত্মকভাবে আহত হয়েছেন আরও ১৬ জন। দাঙ্গার পর কারাগারটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।হন্ডুরাসে মাঝেমধ্যেই কারাগারে সহিংসতার ঘটনার খবর পাওয়া যায়। সহিংসতা মোকাবিলায় সম্প্রতি দেশটির সরকার কারাগারের ব্যবস্থাপনায় জরুরি অবস্থা জারি করে তার দায়িত্ব নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিয়েছে। তবুও সহিংসতার ঘটনা ঘটল।