
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগেই মৃত্যু হলে, পারভেজ মুশারফের দেহ তিনদিন ফাঁসিতে ঝুলিয়ে রাখা হবে। বৃহস্পতিবার সাবেক পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলার বিস্তারিত রায়ে এমনটাই নির্দেশ দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত।
গত মঙ্গলবার রাষ্ট্রদোহিতার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় মুশারফকে মৃত্যুদণ্ড দেয় তিন সদস্যের বেঞ্চ। তারপর বিস্তারিত রায়ে বলা হয়, “পর্যবেক্ষণের পর আমরা প্রতিটি অভিযোগেই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছি। এই অপরাধের জন্যই ওর মৃত্যুদণ্ড প্রাপ্য। শাস্তির আগে যদি তাঁর মৃত্যুও হয়, তাহলে তাঁর দেহ ইসলামাবাদের সেন্ট্রাল স্কোয়ারে টেনে এনে তিনদিন ধরে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হবে।”
বেঞ্চের নেতৃত্বে থাকা পেশওয়ার হাই কোর্টের প্রধান বিচারপতি ওয়াকার আহমেদ শেঠ ১৬৭ পাতার ওই বিস্তারিত রায় লিখেছেন।
এদিকে, এই রায় নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট তথা সেনাপ্রধান মুশারফ জানিয়েছেন, ব্যক্তিগত আক্রোশের কারণেই এই রায় দিয়েছে আদালত। দুবাইয়ের হাসপাতাল থেকে দেওয়া এক অডিও বার্তায় তিনি আরও জানান, এই রায় সন্দেহজনক। সংবিধান মেনে সবকিছু করা হলে এই মামলার কোনও শুনানিই হত না। উঁচুতলার কিছু মানুষ ক্ষমতার অপব্যবহার করে নির্দিষ্ট একজনকে নিশানা করেছেন। এর ফলে ওই সমস্ত লোকেদের আসল অভিসন্ধি প্রকাশ্যে চলে এসেছে। সূত্র- সংবাদ প্রতিদিন।