
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বলছে দিল্লিতে। বিক্ষোভে উত্তাল বেঙ্গালুরু, হায়দরাবাদ। দিল্লির লালকেল্লা চত্বরে প্রতিবাদ মিছিল রুখতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় বিক্ষোভকারীদের। কয়েকজনকে আটক করে পুলিশ।
এদিকে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে বেঙ্গালুরুতে আটক হন ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।
বুধবার থেকেই ক্ষোভের আঁচ বাড়ছিল কর্নাটকে। রাজধানী বেঙ্গালুরুতে জারি হয়েছিল ১৪৪ ধারা। বিক্ষোভকারীদের মিছিল, বড় জমায়েত নিষিদ্ধ করে দিয়েছিল পুলিশ। এদিন সকালে টাউন হলের সামনে বিক্ষোভ মিছিলে সামিল হলে ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আটক করে পুলিশ। আটক করা হয় আরও কয়েকজন বিক্ষোভকারীকে।
আটক হওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রামচন্দ্র গুহ বলেন, “দেশে কি স্বৈরতন্দ্র চলছে? আমার হাতে গান্ধীজির পোস্টার দেখে এবং সংবাদমাধ্যমকে সংবিধানের বিষয়ে বলার জন্য আটক করা হল।” ইতিহাসবিদের অভিযোগ, শান্তিপূর্ণভাবেই প্রতিবাদ করা হচ্ছিল। কোনও হিংসা ছড়ানোর চেষ্টা হয়নি। তাঁর দাবি, কেন্দ্রের সম্মতি পেয়েই পুলিশ এমন কাজ করেছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে টেনে হিঁচড়ে গাড়িতে তোলা হয়েছে। বিপর্যস্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। সূত্র- দ্যা ওয়াল।