
কুষ্টিয়ার দৌলতপুরে বালিভর্তি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ঘরের উপর উল্টে পড়ে দুইজন নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত ট্রাকটির নিচ থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুরের আমদহ গ্রামের মানিক ফকির (৬৫) ও একই এলাকার মরিয়ম পারটেক্স কারখানার কর্মচারী আব্দুর রহিম (৪৫)। এরমধ্যে রহিমের বাড়ি কুষ্টিয়া শহরে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বালিভর্তি একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আমদহ গ্রামের রাস্তা সংলগ্ন মানিক ফকিরে টিনের ছাপড়া ঘরের ওপর উল্টে পড়ে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাক উল্টে ঘরের নিচে চাপা পড়া মানিক ফকির ও আব্দুর রহিমের মরদেহ উদ্ধার করে। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানান তিনি।