
ভারতের নাগরিকত্ব সংশোধনী বিলের (ক্যাব) বিরোধিতা ঘনীভূত হচ্ছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসামে। ইতিমধ্যেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঠানো হয়েছে সেনা। তবু আসামজুড়ে জ্বলছে ক্ষোভের আগুন। রাজ্যের অবস্থা যে ক্রমেই উদ্বেগজনক, মানুষ যে বিভ্রান্ত এবং চিন্তিত তাঁদের ভবিষ্যত নিয়ে, এ কথা স্বীকার করে নিয়েছেন সে রাজ্যের বিজেপি নেতারাও।
গুয়াহাটির সাংসদ তথা বিজেপি নেতা কুইন ওঝা বলেন, “অবস্থা ভালো নয়। আগামীতে কী হতে চলেছে আমার জানা নেই। ভুল বোঝাবুঝি এবং ভুল ব্যাখ্যা করা হয়েছে বিলটি নিয়ে। মানুষকে সঠিকভাবে বুঝতে হবে। তা নাহলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।”
তবে শুধু কুইন ওঝা নয়, আসামের তিন বিজেপি সাংসদের গলাতেও প্রায় একই সুর। সাংসদেরা বলেন, “ক্যাব নিয়ে মানুষের মধ্যে একটি ভুল বোঝার জায়গা তৈরি হয়েছে। তবে এটা প্রতিবাদের পথ নয়।”
তেজপুরের সাংসদ পল্লব লোচন দাস বলেন, “ভুয়ো খবর প্রচার করা হচ্ছে যে লক্ষ লক্ষ বহিরাগতরা এসে এখানে থাকতে শুরু করছেন। বাংলাদেশের সীমানাও না কি ভেঙে দেওয়া হয়েছে সে দেশের মানুষের আগমনের জন্য। মানুষকে বিলটি সম্পর্কে অবগত করানো হচ্ছে না।”
পরিস্থিতি উদ্বেগজনক দেখে বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে গুয়াহাটিতে। ত্রিপুরায় ২ কলাম সেনা মোতায়েন করা হয়েছে। আসামে এক কলাম সেনাকে প্রস্তুত রাখা হয়েছে বলে খবর। এছাড়াও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ত্রিপুরা পুলিশ, ত্রিপুরা স্টেট রাইফেলস ও আসাম রাইফেলসও মোতায়েন করা হয়েছে। সূত্র- দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।