
ভারতের লোকসভায় ছাড়পত্র পাওয়ার পর এবার রাজ্যসভায় পেশ করেছে নাগরিকত্ব সংশোধনী বিল। আজ বুধবার বিলটি পেশ করেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর বিতর্কিত এই বিল নিয়ে আলোচনা চলছে রাজ্যসভায়। আলোচনা শেষে সংসদের উচ্চকক্ষে আজ তা পাশ করানোই পরীক্ষা অমিত শাহদের।
নাগরিকত্ব বিল সম্পর্কে বক্তব্য রাখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই বিলের মাধ্যমে শরণার্থীরা তাঁদের অধিকার পাবেন। পড়শি দেশ থেকে আসা শরণার্থীরা আশ্রয় পাবেন। কোনও মুসলিমের ভয় পাওয়ার কারণ নেই। কেউ আপনাদের ভয় দেখালে, তা করতে দেবেন না। নরেন্দ্র মোদীর সরকার সংবিধান মেনে সংখ্যালঘুদের নিরাপত্তা দেবে।’ নাগরিকত্ব সংশোধনী বিল BJP-র ইশতেহারে ছিল জানিয়ে অমিত শাহ বলেন, ‘নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত, লাখ লাখ মানুষের সঙ্গে ধর্মীয় প্রতারণা হয়েছে। আমরা ভোটের পর রাজনীতি করছি না, ভোটের আগেই কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। এই বিলে অধিকার পাবেন শরণার্থীরা। অনুপ্রবেশ সংক্রান্ত কোনও মামলা চললে তা প্রত্যাহার করা হবে।’ সূত্র: এই সময়।