
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ চায়? এক সেকেন্ড লাগবে না আমার পদত্যাগ করতে। কোনো সমস্যা নেই আমার। তবে তাতে কি পেঁয়াজের দাম কমবে?
মঙ্গলবার দুপুরে রাজধানীর পল্টনের একটি হোটেলের হলরুমে ‘নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে ব্যবসায়ী সমাজের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটি এই সভার আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বলেন, তাতে যদি দেশের সবকিছু, পেঁয়াজের দাম ঠিক হয়ে যেত। একটু কষ্ট করতে হবে। আমরা এই বিপদটাকে সম্পদে পরিণত করবই করব। খুব বেশি দিন লাগবে না, আমাদের দেশ এই প্রডাকশনে সেলফ সাফিসিয়েন্ট হবেই, হবে।
টিপু মুনশি বলেন, আজকেও যারা পেঁয়াজ আমদানি করছেন, তাদের আমদানিকৃত পেঁয়াজের দাম কেজিপ্রতি ৫০ টাকার বেশি হওয়ার কথা নয়। আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এরপর আমদানি বন্ধ করে দেয়া হবে।