
রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নাগরিকদের সুবিধার্থে গাড়ি পার্কিংয়ের জন্য মোট ৬৪টি পার্কিং স্পট অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রোববার দুপুরে নগর ভবনে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের পরিচালনা পরিষদের ১৩তম সভায় মন্ত্রী এসব কথা বলেন।
এসময় ঢাকা মহানগর উত্তরের মেয়র আতিকুল ইসলাম ও দক্ষিণের মেয়র সাঈদ খোকন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম ও নারায়ণগঞ্জের মেয়র সেলিনা হায়াত আইভি উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কদের বলেন, রাজধানীর বায়ুদূষণ রোধের বিষয়টি স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তদারকি করছেন। এ বিষয়ে শিগগিরই ইতিবাচক ফল পাওয়া যাবে।
ওবায়দুল কাদের জানান, রাজধানীর যানজট নিরসনের জন্য শহরের ভেতর থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল বাইরে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু হবে।
তিনি বলেন, ‘ঢাকা মহানগর থেকে আন্তঃজেলা বাস টার্মিনাল বিকল্প ব্যবস্থা করে ক্রমন্বয়ে সরিয়ে নেয়া হবে। এ লক্ষ্যে স্থান নির্ধারণসহ অন্যান্য কাজ দ্রুত সময়ে শেষ করার সিদ্ধান্ত হয়েছে।’
সেতুমন্ত্রী বলেন, ‘মহানগরে যে সমস্ত এলাকায় ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, নন-মোটরাইজড যানবাহন যানজট সৃষ্টি করছে সেগুলোকে ক্লিয়ার করার জন্য আমাদের মেট্রোপলিটন পুলিশ ও বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’
তিনি বলেন, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে ভবনের অনুমোদন নেয়ার সময় ডিটিসি হতে ট্রাফিক ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে। রাজউক চেয়ারম্যান এখানে আছেন, উনাকে এ বিষয়টি জানিয়ে দেয়া হয়েছে।’