
নেপালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নদীতে গিয়ে পড়ায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে সাতজনই শিশু।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল রোববার নেপালের কেন্দ্রে এই দুর্ঘটনা ঘটেছে।
এএফপি তাদের এক প্রতিবেদনে জানায়, রাজধানী কাঠমান্ডুর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিন্ধুপালচক জেলার একটি সড়ক দিয়ে যাওয়ার সময় বাসটি ৫০ মিটার নিচের সানকুসি নদীতে পড়ে যায়।
এ ব্যাপারে জেলা কর্মকর্তা গোমা দেবি চেমজং এএফপিকে বলেন, ১৭ জন মারা গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আরও ৫০ জন আহত হয়েছে। এদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় এখনও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বাসটিতে কতজন যাত্রী ছিল তার কোনো রেকর্ড ছিল না। তাই দুর্ঘটনায় কতজন নিখোঁজ রয়েছে সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। খারাপ রাস্তা, অনিয়ন্ত্রিত যানবাহন এবং গাড়ির বেপরোয়া গতির কারণে নেপালে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগে গত মাসে অপর একটি বাস নদীতে পড়ার ঘটনায় ১১ জন নিহত এবং আরও শতাধিক মানুষ আহত হয়।